নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলার আসামি প্রদীপ পাল (৪০)–কে র্যাবের একটি দল নারায়ণগঞ্জের জেলার আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে শুক্রবার র্যাবের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি দল র্যাব-১১-এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারের সময় প্রদীপের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত প্রদীপ পাল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জালালচর গ্রামের বাসিন্দা।
তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার এক নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও লেখা পোস্ট করেন এবং চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫/২৬/২৭ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮৫ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই ফরিদপুর তদন্ত করছে।
এছাড়া গত ১৪ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম এলাকার শঙ্কর কুমার পাল (৩৩)-এর নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননাকর পোস্ট করা হয়। এতে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তদন্ত কর্মকর্তার অধিযাচন পত্রের ভিত্তিতে আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ, প্রতারণাসহ সব ধরনের সাইবার অপরাধ দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সবসময় তৎপর রয়েছে।