নতুন খবর রিপোর্ট
রাজধানী ঢাকার খিলগাঁও এলাকা থেকে ফরিদপুরের রাজু শেখ (৩৪) হত্যা মামলার অন্যতম আসামী স্বপ্ন (২০) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) র্যাবের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২ মার্চ রাতে শহরের গুহলক্ষ্মীপুর এলাকার স্টেশন বাজারের মাংসের দোকানের সামনে স্বপ্নসহ অন্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে রাজু শেখকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে ৩ মার্চ ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-১০-এর কাছে আবেদন করেন।
এ পরিপ্রেক্ষিতে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৩-এর সহযোগিতায় এবং ডিএমপি খিলগাঁও থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুর পৌণে একটার দিকে খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে ওই হত্যার এজাহারনামীয় আসামি স্বপ্নকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, ওই আসামিকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।