নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক গৃহবধূকে স্কোপোলামিন (কথিত “শয়তানের নিঃশ্বাস”) প্রয়োগ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক।
শনিবার(১৮ এপ্রিল ) দুপুরে মধুখালী মরিচ বাজারের পাশে ঘটনাটি ঘটে ।
ভুক্তভোগী নারী মাজেদা বেগম(৫২) উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মো. সাহেব আলী মোল্লার স্ত্রী।
পরিবার ও স্বজনদেরসূত্রে জানা গেছে, মাজেদা বেগম তার নাতিকে চিকিৎসা করাতে বাজার থেকে অটো রিকশাযোগে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে অটোতে থাকা এক অজ্ঞাত যাত্রী একটি কাগজে লেখা ঠিকানা দেখিয়ে সেটি পড়তে বলে।

চিরকুটটি পড়ার পরপরই তিনি প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান। এরপর তিনি নিজের গলার সোনার চেইন, কানের দুল, হাতে থাকা বালা ও প্রায় ছয় হাজার টাকা ওই অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দেন।
পরে প্রতারক চক্রের সদস্যরা তাকে মধুখালী মরিচ বাজারের পাশে নামিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।