নতুন খবর রিপোর্ট
ফরিদপুর সদর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার(১৯ এপ্রিল ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেল যোগে উপাসনা ঘোষকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রােল পাম্প থেকে জ্বালানি নিয়ে বেড়িবাঁধ হয়ে শহরে আসছিলেন। পথিমধ্যে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করলে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক আকাশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক হেলপার হোসেন মোল্লা (১৯)-কে হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।