নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সালথা উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আধাঁরে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি গ্রামে।
পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বালিয়া গ্রামের মোড়ল মো. জাহিদ মাতুব্বরের সাথে আড়ুয়াকান্দি গ্রামের মোড়ল নুরু মাতুব্বরের বিরোধ চলছিল।
শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরকে ভ্যান থেকে নামিয়ে মারধর করেন নুরু মাতুব্বরের সমর্থকরা। এ খবর জানাজানি হলে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছোট বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বরের সমর্থকরা প্রতিপক্ষ নুরু মাতুব্বরের সমর্থক আলেম মাতুব্বর, লুৎফর মাতুব্বর, ইছাহাক মাতুব্বর ও সাজাহান মাতুব্বরসহ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় মিরান মুন্সী ও দেলোয়ার মাতুব্বরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।পরে পাল্টা হামলা চালিয়ে নুরু মাতুব্বরের সমর্থকরা জাহিদ মাতুব্বরের সমর্থক আবুল শেখের তিনটি গরু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করে নি।
তিনি বলেন , ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।