নতুন খবর রিপোর্ট
ফরিদপুর-৩ আসনের (সদর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, কেউ বিকাশ নম্বর নিয়ে ভোটের বিনিময়ে টাকা দিতে চাইলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন। নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন। ভোট দেওয়া শেষে ভোটকেন্দ্রে নিরাপত্তায় সেই কেন্দ্রের আশেপাশের থাকবেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুরের চর কমলাপুরে জিয়া শিশু কিশোর সংগঠন ফরিদপুর জেলার আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একটি অদৃশ্য শক্তি এদেশের সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করতে চাচ্ছে। স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চাচ্ছে। আমরা সবাই যদি এক থাকি। তাহলে সেই ষড়যন্ত্র রুখে দিতে পারব। তাই নির্বাচনের এই কয়েকটা দিন আপনাদের একটু চোখ-কান খোলা রাখতে হবে। এই কয়েকটা দিন আপনারা একটু কষ্ট করবেন।
জিয়া শিশু কিশোর সংগঠন ফরিদপুর জেলার সভাপতি জামাল আবু নাছেরের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ মিন্টু প্রমুখ।