নতুন খবর রিপোর্ট
ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি আউয়াল খান ওরফে লালন ছাত্রদলের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান।
লালন ফরিদপুর শহরের আলীপুর এলাকার মৃত আলী খানের ছেলে।
দীর্ঘ পোস্টে লালন বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমার কোনো রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার ইচ্ছা নেই। আমার আজ থেকে কোনো রাজনৈতিক নেতা নেই। এই ভদ্র ও সুশীল সমাজে আমাদের মতো কারো দরকার নাই। দয়া করে কোনো রাজনৈতিক ব্যক্তি আমাকে কোনো প্রয়োজনে স্মরণ করবেন না। এখন থেকে সম্পূর্ণ মুক্ত এবং নিজের সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর বিপদে পাশে থাকার চেষ্টা করব। পা চাটা সুশীল সমাজপতিদের থেকে দূরে থাকাই শ্রেয়।’
লালন আরও বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জীবন বাজি রেখে কাজ করেছি। নির্যাতন সয়েছি। জেল খেটেছি। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত করি নি। কখনো চাঁদাবাজি বা অনৈতিক কাজে জড়াইনি। কিন্তু দলের সুসময়েও কোনো সহায়তা পাইনি। এমনকি টেন্ডারে অংশ নিয়ে পকেটের টাকা দিয়ে শিডিউল কিনেও সেই টাকা ফেরত পাইনি। এসব কারণেই প্রচণ্ড ক্ষোভ ও অভিমানে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস বলেন, লালন জেলা কমিটির সহসভাপতি এবং তিনি একটি কম্পানিতে চাকরি করছেন। ফেসবুক পোস্টের বিষয়টি আমার জানা নেই। তিনি কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্রও দেননি। পদত্যাগপত্র পেলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।