নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ছেলে হোসেন শেখের কোদালের কোপে মা ফুলজান বেগম (৬০) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিত বানা গ্রামে এ ঘটনাটি ঘটে।
ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত হাসান শেখ হাফিজার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, হোসেন শেখ (২৫) শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে তিনি একাকী জীবনযাপন ও রান্না করে খেতেন।
বৃহস্পতিবার ঈদের দিন সকালে হোসেন শেখের ঘরের সামনে তার মা ফুলজান বেগম ফুলগাছের চারা লাগাতে গেলে মায়ের সাথে ছেলের ঝগড়া হয়। এক পর্যায়ে হোসেন শেখ কোদাল দিয়ে তার মা ফুলজান বেগমের মাথায় কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। অভিযুক্ত যুবক ঘটনার পর পালিয়ে যান। তিনি কোনো মোবাইল ব্যবহার করেন না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।