নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মঙ্গলবার (২ জুন ) মধুখালী উপজেলা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, মধুখালী উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের কার্যক্রম এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

এ সময় জেলা প্রশাসক মাদক ও বাল্যবিবাহবিরোধী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং আন্তঃউপজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
পাশাপাশি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় তিনি জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ ব্যাপারে মধুখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের এ পরিদর্শন সরকারি সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।