নতুন খবর রিপোর্ট
ফরিদপুর কোতয়ালী থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার একমাত্র আসামি হাসিব চৌধুরী (২১)কে রাজধানী ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর সদস্যরা।
বুধবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে
র্যাব জানায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হাসিব চৌধুরী। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি দুপুরে ফরিদপুরের চরকমলাপুর এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে। এ সময় সে ঘটনার ভিডিও ও ছবি মোবাইল ফোনে ধারণ করে সংরক্ষণ করে।
পরে ওই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা দাবি করে। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও ও ছবি প্রকাশ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র্যাব-১০ এর সহযোগিতা কামনা করলে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপনসূত্রে খবর পেয়েরও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২ জুন) রাত আটটার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর লালবাগ থানার পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি হাসিব চৌধুরীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি পরিচয়পত্র, বিভিন্ন ব্যাঙ্কের চারটি এটিএম কার্ড এবং একটি ইলেকট্রিক ভ্যাপ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করে।
ওই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, ধর্ষণ ও সাইবারভিত্তিক অপরাধসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।