নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সালথা উপজেলায় ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে মো. খায়ের দাঈ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ মে) দুপুর দুইটার দিকে।
ভুক্তভোগী শিশুর মা জানান, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গেলে রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয় দেখিয়ে বাগানে নিয়ে যায় খায়ের। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়।
অভিযুক্ত খায়ের দাঈ উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামের মমিন দাঈয়ের ছেলে এবং মুদি দোকানি।তিনি বিবাহিত।তার দুটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনাটি দেখে প্রতিবেশিরা এগিয়ে এলে খায়ের পালাতে চেষ্টা করলে লোকজন তাকে ধরে একটি ঘরে আটকে রাখে।তবে কৌশলে সে ঘর থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন।খায়েরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।