নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারের ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে ভয় ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
এ কারণে একাধিক ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র জমা দিতে পারেন নি। ওই ঠিকাদাররা ফের দরপত্র আহ্বানের দাবি জানিয়েছেন।
অভিযোগসূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য হাজী শরীয়তউল্লাহ বাজার ইজারা নিতে মোট ৪৭ জন সিডিউল বিক্রি হয়। কিন্তু ১৬ ফেব্রুয়ারি নির্ধারিত দিনে দরপত্র জমা দিতে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে দরপত্র জমা দিতে বাধার সৃষ্টি করা হয়। এতে করে অন্তত ছয়জন ঠিকাদার দরপত্র জমা দিতে ব্যর্থ হন।
এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদাররা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে তারা উল্লেখ করেন, “আমরা নিয়ম মেনে সিডিউল কিনলেও ভয়ভীতির দেখানোর কারণে দরপত্র জমা দিতে পারি নি। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
তাই সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ফের দরপত্র আহ্বান করার দাবি জানাচ্ছি।
অভিযোগকারীদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ শাহীন মন্ডল, আতাউর রশিদ ওরফে বাচ্চু , মিজানুর রহমান চৌধুরী, কেএম নাজমুল ইসলাম এবং লিয়াকত আলী খান লাভলুসহ একাধিক ঠিকাদার।
বর্তমানে ওই বাজারের ইজারাদার লিয়াকত আলী খান লাভলু একই অভিযোগ করে জানান, আমিও সিডিউল কিনেছিলাম। কিন্তু সন্ত্রাসীদের বাধার কারণে দরপত্র জমা দিতে পারি নি।আমি জেলা প্রশাসকের কাছে ফের দরপত্র আহ্বানের দাবি জানাই।
লিয়াকত আলী খান বলেন, আমি বৈধভাবে বাজারের ইজারাদার। নতুন অর্থবছরের জন্যও নিয়ম অনুযায়ী অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু সন্ত্রাসীদের কারণে তা সম্ভব হয়নি। প্রশাসনের কাছে আমার একটাই দাবি,সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবার দরপত্র আহ্বান করা হোক।
এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. সোহরাব হোসেন জানান, যারা দরপত্র জমা দিয়েছেন।তারা নিয়ম মেনেই দিয়েছেন। যারা জমা দিতে পারেননি বলে অভিযোগ করছেন। তারা নির্ধারিত সময়ে আমাদের জানান নি।
তিনি আরও বলেন, দরপত্র গ্রহণের পর তা মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই করে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।