নতুন খবর রিপোর্ট
বিয়ে করতে ১০ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন ঠিকই কিন্তু বাড়ি ফেরা হলো না তার।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় আরিফুল ও তার পরিবারের চারজন এবং চালকসহ মোট পাঁচ নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২ জুন) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম (২৫), তার মা নুরজাহান বেগম(৫০), বোন আয়েশা আক্তার (২৮) ও ভাই আরিফ হোসেন(২৮)।
এছাড়া প্রাইভেটকার চালক জাহিদ হোসেন নিহত হন।
তিনি মনিরামপুর উপজেলার গৌরপুর গ্রামের মো. ইসলামের ছেলে।
এ ঘটনায় আহত দুই শিশু হলো , আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩)।
দুই শিশুই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ দুই শিশু নিহত আরিফুলের বোন আয়েশার সন্তান।
তারা সোমবার (১ জুন)প্রাইভেটকার যোগে যশোর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন মালয়েশিয়া ফেরত আরিফুলকে আনতে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পোঁছাই। পরে প্রাইভেটকার কেটে লাশগুলো বের করি। এদের মধ্যে ঘটনাস্থলে চারজন মারা যান। অপর তিনজনকে হাসপাতালে পাঠানো হলে হাসপাতালে আরেকজন মারা গেছেন।
শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ এবং আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। যশোরে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পরিবারের সদস্যরা এলে তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।তিনি ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।