নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে জেলা প্রশাসন।
নতুন নোটের সালামি বিতরণের মধ্য দিয়ে শিশুদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দ ও হাসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে নতুন নোটের সালামি তুলে দেন।
এ সময় শিশুদের মাঝে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিশুদের জন্য বিশেষ খাবার পরিবেশন ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমেরও আয়োজন করা হয়।
এ সময় সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজনে অংশ নিয়ে শিশুরা আনন্দ প্রকাশ করে এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় সুধীজনদের প্রশংসা কুড়িয়েছে।