নতুন খবর রিপোর্ট
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (ইউপিএইচসিএসডিপি)-এর ২য় পর্যায়’-এর আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের পরিপ্রেক্ষিতে চাকরি বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার(৬ মে ) সকাল ১০টার দিকে ফরিদপুর পৌরসভা চত্বর ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের পিএমইউ, পিআইইউসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রায় চার হাজার ৩৮২ জন কর্মকর্তা-কর্মচারীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা দক্ষতার সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছেন হঠাৎ করে স্বাস্থ্যকেন্দ্রগুলো হস্তান্তরের সিদ্ধান্তে তাদের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের চাকরি বহাল রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
তাই অভিজ্ঞ জনবলকে বাদ দিয়ে নতুন নিয়োগ না দিয়ে বিদ্যমান কর্মীদেরই বহাল রাখা উচিত।
পরে একটি মিছিল নিয়ে তারা ফরিদপুর পৌরসভায় যান এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকিরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যাগুলো তুলে ধরে তার কাছে স্মারকলিপি দেন।
পরে তারা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজার কাছেও একটি স্মারকলিপি দেন।্্এরপর একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েও স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।
এ সময় তারা দ্রুত সমস্যা সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।