নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গুজব ছড়িয়ে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নানের দুই বছরের এতিম কন্যা মুসলিমার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৫ মে ) বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারী উপজেলার ইউএনওসহ সংশ্লিষ্ট দপ্তরেন কর্মকর্তারা নিহতের বাড়ি সাতৈর গ্রামে গিয়ে এ উপহার পৌঁছে দেন।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )এস এম রকিবুল হাসান নিহত হান্নানের বাবা শহীদ শেখের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দেন।

তিনি ভবিষ্যতে প্রতি মাসে সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর পক্ষ থেকেও সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, পিআইও মানস বসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইউএনও আরও বলেন,এ মর্মান্তিক ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত সহায়তার ব্যবস্থা করেন।
এতিম মুসলিমার লালন- পালনের বিষয়ে তার দাদা ও দাদীসহ স্বজনদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতেও সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
শুক্রবার ১ মে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামে গুজব ছড়িয়ে গণপিটুনিতে ট্রাকচালক হান্নান নিহত হন।
উল্লেখ্য,মুসলিমার জন্মগ্রহণের মাত্র ২১ দিন পর তার মা আরিফা বেগম স্বামীকে তালাক দিয়ে চলে যান। এরপর থেকে মুসলিমাকে তার দাদা ও দাদীর লালন-পালন করছিলেন।
গত শুক্রবার রাতে জেলার নগরকান্দা উপজেলার গণপিটুনিতে মারা গেলে মুসলিমা এতিম হয়ে পড়ে।
দাদী নার্গিস বেগম মুসলিমার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা জানিয়ে বলেন,আমরা মরে গেলে মুসলিমার কী হবে?