নতুন খবর রিপোর্ট
ফরিদপুর জেলা কারাগারের শাহ আলম (৪৮) নামে এক হাজতীর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ মে) রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তিনি মারা যান।
হাজতী শাহ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল থেকে ফরিদপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ী এলাকার জালাল মোল্লার ছেলে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত চারদিন ধরে শাহ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। তাকে জেলখানার হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রবিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলার আসামি শাহ আলম পেটের সমস্যায় ভুগছিলেন। তিনি বলেন, শাহ আলমের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে।