নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের মধুখালী উপজেলায় গাছ থেকে জাম পাড়তে উঠে ডাল ভেঙে নিচে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূ মারা গেছে।
এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে।
নিহত রুনা বেগম ওই গ্রামের মো. দবির হোসেন শেখের মেয়ে। তার দুইটি সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, রুনা বেগমের শ্বশুর বাড়ি ঝিনাইদহের ফাজিলপুরে। কয়েকদিন আগে শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন রুনা। বৃহস্পতিবার দুপুরে রুনা জাম পাড়তে গাছে ওঠেন। জাম পাড়ার একপর্যায়ে গাছের ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাবুল হোসেন মৃধা জানান,রুনা শ্বশুর বাড়ি থেকে কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে জাম পাড়ার সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও ) ডা. মো. কবীর সরদার জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রুনা বেগমকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।