নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদ থেকে এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন)সকাল সাড়ে ১০টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চর কৃষ্ণপুর গ্রামের ভুবনেশ্বর নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিয়াকে জানান। তিনি সদরপুর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি প্রায় ১৪ বছর বয়সী এক কিশোরীর।তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয় নি।
সদরপুর থানার উপপরিদর্শক এসআই মো. আসাদুজ্জামান রিপন বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং কিশোরীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে।
এ ব্যাপারে সদরপুর থানায় জিডি হয়েছে।