নতুন খবর রিপোর্ট
ভাঙ্গা উপজেলা বাজারে নির্মাণকাজ শেষে পানির রিজার্ভ ট্যাঙ্কের ভেতরে নেমে কাঠ ও বাঁশের কাঠামো (সেন্টারিং) অপসারণ করতে গিয়ে মো. মাসুম শেখ (৫১) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মীয়মাণ মাছ বাজারে।
নিহত নির্মাণ শ্রমিক মাসুম শেখ (৫০) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে এ কাজটি করছিলেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান,কিছুদিন ধরে ভাঙ্গা জ্যেষ্ঠ সহকারি জজ আদালত এলাকার পাশে মাছ বাজারের নির্মাণকাজ চলছে। সেখানে মাছ বিক্রেতাদের বসার সুবিধার জন্য একটি পাকা স্থাপনা তৈরি করা হয়। এর মাঝখানে পানির একটি রিজার্ভ ট্যাঙ্কও নির্মাণ করা হয়।
ওইর কর্মকর্তা বলেন, কাজটি কয়েকদিন আগে শেষ হয়েছে। তবে পানির ট্যাঙ্কের ভেতরের কাঠের কাঠামো খোলা হয় নি। মাসুম শেখ ওই কাঠামো খুলতে সোমবার সকালে ট্যাঙ্কের ভেতরে নামেন। ট্যাঙ্কটিতে পানি ছিল।
তিনি আরও জানান, ওই কাঠামো খুলতে গিয়েই তিনি বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অথবা কাঠ তার গায়ে পড়তে পারে। যেভাবেই হোক তিনি অচেতন হয়ে পড়েন। আমরা যখন তাকে উদ্ধার করে আনি তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন।তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘটনা শোনার পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ভাঙ্গা উপজেলার ইউএনও আবদুল্লাহ আবু জাহের বলেন, ঘটনাটি জেনেছি। কারো কোনো অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।