নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সফল অভিযানে ১০ হাজার ১০০ পিছ ইয়াবা টেবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের ঊষা ভবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করা হয়।
এরা হলেন, আশিকুর রহমান রাহাত (২৫), সুমন মৃধা (৩২), মিরাজুল ইসলাম (২৯), রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬)।
ধৃত সকলেই সবাই ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশিকুর রহমান রাহাতের কাছ থেকে ২০টি প্যাকেটে মোট চার হাজার পিছ ইয়াবা, সুমন মৃধার কাছ থেকে ১৪টি প্যাকেটে ২ হাজার ৮০০ পিছ এবং খোলা অবস্থায় আরও ১০০ পিছসহ মোট দুই হাজার ৯০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া মিরাজুল ইসলামের কাছ থেকে ১৬টি প্যাকেটে তিন হাজার ২০০ পিছ ইয়াবা জব্দ করা হয়। মোট ১০ হাজার ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।