নতুন খবর রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ) বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে শহরের কাঠপট্টি দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে সভায়
বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আখতার টুটুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, খন্দকার ফজলুল হক টুলুসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।
তারা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের শ্রমকে সম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় বক্তারা বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।