নতুন খবর রিপোর্ট
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, খাল খনন প্রকল্প সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি উন্নয়ন কাজ।
তিনি বলেন, এই প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না। কড়ায়-গন্ডায় খাল খনন প্রকল্পের হিসাব নেওয়া হবে।
রবিবার (১০ মে) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা এলাকায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, বোয়ালমারী খাল পুনঃখননে প্রায় চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে উদ্বোধন করা সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের খালটির জন্য বরাদ্দ দুই কোটি ১৩ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় ৩৮০ জন শ্রমিক প্রতিদিন কাজ করার সুযোগ পাবেন। শ্রমিকদের বেতন ব্যাঙ্কের মাধ্যমে পরিশোধ করতে হবে। এখানে কারো কোনো নয়-ছয় করার সুযোগ নেই।
ওই এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রকল্পের সমস্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে যাতে কেউ আপনাদের ফাঁকি দিতে না পারে। মানুষকে সচেতন করতে প্রকল্প এলাকায় দ্রুত বিস্তারিত তথ্যসহ সাইনবোর্ড টাঙাতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি খাল কেটে পানির প্রবাহ নিশ্চিত করার বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষিকে বাঁচাতে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ জরুরি। খালের মাধ্যমে বর্ষায় অতিরিক্ত পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচ কাজ সহজ হবে। তবে প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফল পেতে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।