নতুন খবর রিপোর্ট
ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ওরফে মজনুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মজনুর বিরুদ্ধে দায়েরকৃত কোতয়ালী থানার জি.আর. ৫৩৬/২০২৪ নং মামলায় ১৪৩/৩২৩/৩০৭/৩৪/৫০৬ (১) ধারায় অভিযোগ আমলে গ্রহণ করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১নম্বর আমলী আদালত, ফরিদপুর।
এ প্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত বলে বিবেচিত হয়।
এ অবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী জনস্বার্থে তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব হেলেনা পারভীন।