নতুন খবর রিপোর্ট
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এ সরকার বদ্ধপরিকর।
জনগণ যাতে কোনো ধরণের ভোগান্তি পোহাতে না হয় সে জন্য সংশ্লিষ্টদের সব সময় সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠি যেন কোনো রকম ভোগান্তি সৃষ্টি করতে না পারে ।
শুক্রবার( ২০ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য এ সব কথা বলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-
৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, মহিলা অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনীতিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ জোরদার, ফরিদপুর-ভাঙ্গা আঞ্চলিক সড়ক চারলেনে উন্নীতকরণ, নদীভাঙনসহ জেলার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
সমাজ থেকে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতি দূর করার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন,চাঁদাবাজ, মাদক বিক্রেতা ও সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এবং
দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।