নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে অটোচালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো, আসমত শেখ ও সাগর মোল্লা।
বয়স কম হওয়ায় একই মামলায় অপর আসামি আশিক শেখের বিচার চলছে শিশু আদালতে।
মঙ্গলবার ( ২১ জুলাই) দুপুর দুইটার দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত) আদালতে বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২১ এপ্রিল অটোচালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মরদেহ মাটিতে পুঁতে রেখে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়।
এ ঘটনাযর পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাশেদ শেখ বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলো, আসমত শেখ, আশিক শেখ ও সাগর মোল্লা।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৫ মে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আজিজুর রহমান জানান, অটোচালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসমত শেখ ও সাগর মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর আসামির বয়স কম হওয়ায় শিশু আদালতে বিচার চলছে।
তিনি বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।