নতুন খবর রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ফরিদপুরের বিশেষ জজ আদালত ইসরাত জাহান ওরফে দীপা নামে এক নারীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২২ জুলাই) ফরিদপুরের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান দীপা জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা।
তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী।
রায়ে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুদক কর্তৃক ২০২০ সালের ৩০ নভেম্বর দায়েরকৃত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করা হলো।

তবে একই মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগ থেকে আদালত তাকে খালাস দিয়েছে।
আসামি জামিনে থাকায় তাকে সাজা পরোয়ানামূলে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৫এ ধারা অনুযায়ী, আসামির আগে হাজতবাসের সময় (যদি থাকে) প্রদত্ত সাজা থেকে সমন্বয় করা হবে।
এদিকে, আদালত আসামির জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত এক কোটি ৬৯ লাখ ৪ হাজার ২৭১ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
রায়ের অনুলিপি ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর নির্দেশও দেওয়া হয়।