নতুন খবর রিপোর্ট
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় শিল্পপতি লোকমান হোসেনের বাড়িতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে রহমত আলী নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।
রবিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রহমত আলী (৪৩)। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামের বাসিন্দা দেওয়ান আলীর ছেলে।
রহমত আলী পল্লী সঞ্চয় ব্যাংকের নরসিংদী উপজেলার একটি শাখার ব্যবস্থাপক ছিলেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জ্যোতি প্রকাশ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ নিয়ে যারা এসেছিলেন। তারা জানিয়েছেন, তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে সোমবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে শিল্পপতি লোকমান হোসেন বলেন, আটজন অতিথি আমার বাড়িতে বেড়াতে আসেন। এর মধ্যে সোহান নামে এক ব্যবসায়ী আমার পূর্ব পরিচিত ছিলেন। অপর সাতজন সোহানের বন্ধু। সোহান তাদের নিয়ে আলতু খান জুটমিলসহ মধুখালী উপজেলার বিভিন্ন স্থান ঘুরে বেড়ান। রাতে রহমত আলী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার ওসি সুকদেব রায় জানান, “সুরতহাল প্রতিবেদনে রহমত আলীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।