নতুন খবর রিপোর্ট
নিখোঁজের দুইদিন পর ফরিদপুর সদর উপজেলার একটি পাটক্ষেত থেকে ইউসুফ ফকির (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁর হাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ ফকির ওই এলাকার সহির উদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে মমিনখাঁর হাট এলাকা থেকে একটি অটোরিকশায় করে বাড়ির দিকে রওনা হন ইউসুফ ফকির। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার (১৮ জুলাই) সকালে স্থানীয়রা একটি পাটক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়। তার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।