নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর উদ্যোগে দেশব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ফাহাদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের ঘোষিত জাতীয় বাজেট একটি জনবান্ধব ও কল্যাণমুখী বাজেট।
এ বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ গুরুত্বারোপ করছেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া এবং বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করাই সরকারের লক্ষ্য। এ ধরণের কর্মসূচি শিক্ষার্থীদের নতুন ধারণা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।