নতুন খবর রিপোর্ট
দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার(১৫ ডিসেম্বর) রাতে তাকে কৈজুরী ইউনিয়ন থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) পি. এম. মামুনুর রশিদ।
সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মেয়াদে কৈজুরী ইউনিয়নের সভাপতি এবং বর্তমানে সম্পাদক হিসেবে আছেন।
সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময় জেলা আওয়ামী লীগ সভাপতির ঘনিষ্ঠজন হওয়ায় এলাকায় নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও পাওয়া যায়।
কৈজুরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইউনুস খান বলেন, বিগত দিনে এই সিদ্দিক ফকির (সিদ্দিকুর রহমান) বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে শুরু করে বহু নেতাকর্মীকে নির্যাতন করেছে। তাম্বুলখানা কবি জসীমউদ্দীন এন্ড হাই স্কুলের জমি জবর দখল করে ঘর উঠিয়ে রেখেছেন।
জেলা গোয়েন্দা শাখার ওসি পিএম মামুনুর রশিদ জানান, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে কৈজুরী ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।