নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের সুরক্ষা প্রাইভেট হাসপাতালে কর্মচারীকে দিয়ে এক নারীর অস্ত্রোপচারের ঘটনায় হাসপাতালটি সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।
রবিবার(৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার নাঈমের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাস বলেন, হাসপাতালের ক্লিনার (পরিচ্ছন্নতাকর্মী) নিয়ামুলকে দিয়ে অস্ত্রোপচার করা ও অপারেশন থিয়েটারের ফ্রিজ বন্ধ থাকাসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।
এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত সুরক্ষা নামে ওই হাসপাতালতে গত ১৮ নভেম্বর স্তনের সমস্যা নিয়ে চিকিৎসক দেখাতে যান জেলা সদরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি গ্রামের সৌদিপ্রবাসী সরোয়ার আলমের স্ত্রী ববিতা বেগম (২৮)। চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে বায়োপসি পরীক্ষার কথা বলেন। তিনি চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার পর হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) কক্ষের কর্মী নিয়ামুল শেখ (নিয়োগপত্র অনুযায়ী ক্লিনার) তাঁকে ভুল ব্যাখ্যা দিয়ে মেডিকেলে যেতে নিষেধ করেন এবং নিজেই করতে পারেন বলে জানান। পরে তাঁর কথা অনুযায়ী অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করে স্তনের টিস্যু সংগ্রহ করেন।
ভুক্তভোগী নারী ববিতা বেগম জানান, অপারেশন শেষে চারটি সেলাই দেন এবং নিয়ামুল নিজেই প্রেসক্রিপশন লিখে দেন। এ ঘটনার ১৫ দিন পর অস্ত্রোপচারস্থলে সংক্রমণ দেখা দেয়। পরে ৪ ডিসেম্বর ফরিদপুর সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসকের মাধ্যমে তাঁর সংক্রমিত স্তনের অধিকাংশ অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালতে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে ফরিদপুরের সিভিল সার্জন মাহামুদুল হাসান বলেন, কর্মচারীকে দিয়ে এক নারীর অস্ত্রোপচারের ঘটনায় ডেপুটি সিভিল সার্জন বদরুদ্দোজা টিটোকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।