নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে (৬৬) আটক করেছে যৌথবাহিনী।
সোমবার(১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আটক করা হয়। তিনি ময়েনদিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান মাতুব্বর জু্লাই অভ্যুত্থানের পর প্রায় ১৮ মাস ইউনিয়ন পরিষদে আসেন নি। তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৪ জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন। মান্নান মাতুব্বরের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় সহিংসতার নেতৃত্ব প্রদানের অভিযোগ রয়েছে। তাকে আটকের পর বোয়ালমারী থানা হেফাজতে রাখা হয়েছে।
পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রানী বেগম বলেন, আব্দুল মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ধরে ইউনিয়ন পরিষদের আসেন নি। পরে সব ইউপি সদস্য মিলে সিদ্ধান্ত নিয়ে আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। আমি সে অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তিনি সোমবার আটক হয়েছে বলে শুনেছি।
এ ব্যাপারে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার আজম খান বলেন, ময়েনদিয়া বাজার এলাকায় মান্নান মাতুব্বর গ্রুপ ও জিহাদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘর ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে।সোমবার দুপুরে মান্নান মাতুব্বরকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।