নতুন খবর রিপোর্ট
ফরিদপুর-৪ আসনের চরভদ্রাসন উপজেলায় নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।
তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার নির্বাচনী প্রচারণা ব্যাহত করতে সহিংসতার আশ্রয় নিচ্ছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের তেলিডাঙ্গী এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফুটবল প্রতীকের ওই প্রার্থী অভিযোগ করেন।
তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তার নির্বাচনী প্রচারণায় গাড়িতে থাকা কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়।
প্রার্থী মুজাহিদ বেগ আরও বলেন,তার কয়েকজন ভাই ও কর্মী চরভদ্রাসন বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে এক আত্মীয়ের বাড়িতে যান। রাত এগারোটার দিকে সেখান থেকে ফেরার পথে ২০/৩০ জন হাতে লাঠি নিয়ে তাদের তাড়া করে।
এ সময় গাড়িচালক বাবু তালুকদার (২৮) ও কামরুল মোল্লা (৩৪) নামে দুই ব্যক্তিকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হামলার সময় গাড়িরও ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান মুজাহিদ বেগের সমর্থক মো. সজীব বেগ।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তিনি বলেন, থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।পরবর্তীকালে সেটি নির্বাচন অনুসন্ধানকারী সংশ্লিষ্ট বিচারকের কাছে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে ।