নতুন খবর রিপোর্ট
ঢাকের বাদ্য, সিঁদুর খেলা, শঙ্খ ও উলুধ্বনি আর ভক্তদের আবেগঘন আকুতির মধ্য দিয়ে ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে পাঁচদিনের শারদীয় দুর্গোৎসব।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে ফরিদপুর শহরের পৌর বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটে।
এ উপলক্ষে বিসর্জন ঘাটে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ রাজনীতিক, পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট ও মণ্ডপের প্রতিনিধিরা।
রাত ৮টা ৫০ মিনিটে প্রথম প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিসর্জন কার্যক্রম শুরু হয়।


এরপর পর্যায়ক্রমে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এর আগে ফরিদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বিসর্জন ঘাটে সমবেত হন পূজারী ও ভক্তরা। ঢাকঢোলের বাদ্য, ধর্মীয় সংগীত আর ‘আসছে বছর আবার হবে’ স্লোগানে মুখর হয়ে ওঠে ঘাট এলাকা। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
দেবী দুর্গাকে বিদায় জানানোর মুহূর্তে ভক্তদের মধ্যে আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতি দেখা যায়।
এ সময় তারা দেবীর কাছে শান্তি, সমৃদ্ধি ও সবার মঙ্গল কামনা করেন।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

দেবীর বিদায়ে ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে এলেও আগামী বছর আবারও নতুন আনন্দ ও উৎসাহে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।