নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত শ্রীধাম
শ্রীঅঙ্গনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ) সকাল আটটায় শ্রীধাম শ্রী অঙ্গন থেকে একটি রথযাত্রা বের করা হয়। রথযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহরের ব্রাহ্মণকান্দা শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়।


পরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শ্রীধাম শ্রী অঙ্গনে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন ও পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে।
এদিকে সকালে গৌর গোপাল আঙ্গিনার উদ্যোগে রথযাত্রার আয়োজন করা হয়।
বেলা ১১টার দিকে এ রথযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী এবং গৌর গোপাল আঙ্গিনার ম্যানেজিং ট্রাস্টি সজল প্রসাদ সিংহ রায়।


পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করেন।
রথযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে শ্রীঅঙ্গন হয়ে ফের সূচনাস্থলে ফিরে আসে।
এ রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন।