নতুন খবর রিপোর্ট
ফরিদপুর সদর উপজেলার খলিলপুর অবৈধভাবে বোতলজাত পেট্রোল বিক্রির দায়ে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী।
জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ অভিযানে বিএসটিআই-এর পক্ষে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
আদালতসূত্রে জানা যায়, খলিলপুর বাজারে অবস্থিত “মেসার্স বিজয় টেলিকম এন্ড ইলেকট্রনিক” নামের একটি দোকানে দীর্ঘদিন ধরে বোতলজাত করে অবৈধভাবে পেট্রোল বিক্রি করছিল।
আদালত এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
এ সময় মালিক পক্ষ ক্ষমা চেয়ে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার আশ্বাস দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী বলেন, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ করে কেউ পার পাবে না।