নতুন খবর রিপোর্ট
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়।
এতে কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খান মোহাম্মদ আরিফ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃধা মো.শাহীনুজ্জামান
প্রমুখ।
পরে আলোচনা সভায় শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূর করা এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনে চিকিৎসক ও বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলা হয়।
বক্তারা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য পরিহার, তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।