নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের মধুখালী উপজেলায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাতিজার লাঠির আঘাতে জাহাঙ্গীর বিশ্বাস (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায়।
নিহত জাহাঙ্গীর বিশ্বাস ওই গ্রামের মৃত বদিয়ার বিশ্বাসের ছেলে।
শাকিল (২৫) বিশ্বাস ও সাইমন বিশ্বাস (২২) জাকির বিশ্বাসের ছেলে।
জানা গেছে, সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডুমাইন বিশ্বাস পাড়ার মৃত বদিয়ার বিশ্বাসের ছোট ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর বিশ্বাসের সঙ্গে বড় ভাই জাকির বিশ্বাসের জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমির বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে দুই ভাতিজা শাকিল বিশ্বাস ও সাইমন বিশ্বাসের লাঠির আঘাতে চাচা জাকির বিশ্বাস মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কবীর হোসেন জানান, জাহাঙ্গীর বিশ্বাসকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে চাচা-ভাতিজাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ভাতিজা শাকিল বিশ্বাস ও তার ভাই সাইমন বিশ্বাসের লাঠির আঘাতে চাচা জাহাঙ্গীর বিশ্বাস নিহত হন।
তিনি আরও বলেন,এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।