নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট গ্রামে এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় এক্সকেভেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর পাল্লা গ্রামের নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে সদরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।