নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
এ ঘটনাটি ঘটে শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনের সড়কে।
নিহতরা হলেন, ট্রাকচালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ (২২) ও হেলপার রাশেদ (৩০)। প্রাথমিকভাবে তার বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে কুষ্টিয়াগামী লিজা পরিবহনের একটি বাসের সঙ্গে ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। এতে শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক নিহত হন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।