নতুন খবর রিপোর্ট
ফরিদপুর-মাগুরা আঞ্চলিক সড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার(৩ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন শিক্ষার্থী স্কুল ছুটির পর একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিল।
তারা কানাইপুর আখ সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের তিন আরোহীসহ অটোরিকশার চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী মো. সোয়াদ (১৭)কে মৃত ঘোষণা করেন। তিনি ফরিদপুর সদর উপজেলার হাট গোবিন্দপুর এলাকার মিজানুর রহমান মামুনের ছেলে।
আহতদের মধ্যে তৌহিদ হোসেন (১৭)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া মো. শাওন (১৭) ও যশোর জেলার বাসিন্দা অটোরিকশা চালক মো. মফিজ (৬৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।