নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের আলীপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল সদৃশ সাতটি বিস্ফোরক বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর তিনটার দিকে আলীপুর এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ।
গোপনসূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযানের সময় একটি ঘর থেকে প্লাস্টিকের কৌটায় কসটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ সাতটি বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো নিরাপত্তার স্বার্থে কোতোয়ালী থানায় পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, ওই বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় দুর্বৃত্তরা বাড়িটিকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো অথবা জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এসব বস্তু সেখানে মজুদ করে রাখা হয়েছিল।
এ ব্যাপারে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ভোর তিনটার দিকে অভিযান চালিয়ে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্লাস্টিকের কৌটায় কসটেপ দিয়ে মোড়ানো থাকায় এগুলো আদৌ ককটেল, হাতবোমা বা অন্য কোনো বিস্ফোরক কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।