নতুন খবর রিপোর্ট
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া বেঞ্চের লোহার ফ্রেমসহ বিভিন্ন মালামাল বিক্রির সময় সাব্বির খান (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
পরে তাকে বিদ্যালয়ে নেওয়া হলে বিক্ষুব্ধ জনতা ব্লেড দিয়ে তাঁর চুল ও গোঁফ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
চুল ও গোঁফ কেটে দেওয়া সাব্বির খান ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি করা মালামালের মধ্যে ছিল বেঞ্চের চারটি লোহার ফ্রেম, একটি সাইনবোর্ড ও লোহার গ্রিল।
বৃহস্পতিবার সকালে কানাইপুর বাজারের একটি দোকানে এসব মালামাল বিক্রি করতে যান সাব্বির।
সে সময় বিদ্যালয়ের সাইনবোর্ড দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ঘটনাটি জানান।
খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যরা ওই দোকান থেকে সাব্বিরকে মালামালসহ আটক করে একটি নছিমনে বেঁধে বিদ্যালয়ে নিয়ে যায়।
পরে বিদ্যালয়ের সামনে বসিয়ে বিক্ষুব্ধ লোকজন ব্লেড দিয়ে সাব্বিরের চুল ও গোঁফ কেটে দেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার স্কুল বন্ধ করে সকলে চলে যায়। একদিন বন্ধ থাকায় বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে চুরির ঘটনাটি জানতে পারি।
তিনি আরও বলেন, আমরা চোরকে ধরে এনে একটি কক্ষে আটকে রেখে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেই। এ সময় এলাকার ছেলেরা তার মাথার চুল ও গোঁফ কেটে দেয়। তবে পুলিশ আসার আগেই ওই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করতে আমি থানায় যাচ্ছি।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. মাহামুদুল হাসান জানান, চোর আটকের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ গিয়ে তাকে পায় নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।