নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনৃষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান,
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন মহানগর বিএনপির আহ্বায়ক এফএম কাইউম জঙ্গি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মো. আবদুত তাওয়াব, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ, চুরি-ডাকাতি ও অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধে অভিযান জোরদার এবং শহরের যানজট নিরসন নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া অবৈধ পার্কিং বন্ধ, গুরুত্বপূর্ণ সড়কে গতিরোধক, সাইন ও সিগন্যাল স্থাপন, অম্বিকা হল ও আদালত চত্বর এলাকায় বখাটেদের উৎপাত এবং দালালচক্র নির্মূলে পুলিশি টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালকদের ডোপ টেস্ট, গণপরিবহনের ফিটনেস নিয়মিত পরীক্ষা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
একই সঙ্গে মহাসড়কে ইজিবাইকসহ থ্রি-হুইলার চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জোবাইদা ফিলিং স্টেশনের সামনের যানজট নিরসনে সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়।