নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের প্রবেশ মুখ রাজবাড়ী রাস্তার মোড়ে শ্রমিক কল্যাণের নামে বাস থেকে চাঁদা নেওয়া হচ্ছে।
ফরিদপুরে দুটি শ্রমিক সংগঠনের নামে প্রতি বাসপ্রতি নেওয়া হচ্ছে ৬০ টাকা করে।
এর আগে বুধবার রাতে প্রশাসনের হস্তক্ষেপে চাঁদাবাজি বন্ধ হলেও বৃহস্পতিবার সকাল থেকে ফের টাকা তোলা হচ্ছে।
রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় দুটি স্থানে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের বাসগুলোতে রসিদ দিয়ে টাকা নেওয়া হচ্ছে।
জানা গেছে, বাস প্রতি দুই শ্রমিক সংগঠনের নামে ৩০ টাকা করে মোট ৬০ টাকা নেওয়া হচ্ছে।
কেন টাকা নেওয়া হচ্ছে জানতে চাইলে মজনু শেখ নামে এক শ্রমিক জানান, সারা দেশেই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে টাকা নেওয়া হয়। আমরাও শ্রমিকদের জন্যই বাস থেকে ৬০ টাকা করে উঠাচ্ছি। সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে সহায়তা দিতে এই টাকা নেওয়া হচ্ছে। এটা আমাদের শ্রমিক ভাইদের কল্যাণেই ব্যয় হবে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক বাসচালক জানান, এমনিতেই যাত্রী সংকট এবং তেলের দামের কারণে আমাদের ট্রিপ চালানো কঠিন হয়ে পড়েছে। তার ওপর মোড়ে মোড়ে যদি এভাবে ৬০ টাকা করে কেটে নেওয়া হয়। তবে আমাদের আর কিছুই থাকে না। এসব টাকার একটা অংশও সাধারণ শ্রমিকদের কোনো কল্যাণে আসে না।
ওই বাসযাত্রীদের আশঙ্কা এভাবে পথে পথে টাকা তোলা হলে খরচ ওঠাতে ভাড়া বাড়াবেন পরিবহন মালিকরা। এই চাঁদাবাজির চাপ পড়বে সাধারণ যাত্রীদের পকেটে।
এ ব্যাপারে ফরিদপুর মালিক গ্রুপের প্রশাসক এবং ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন জানান, বুধবার চাঁদা তোলা শুরু হলে আমি তাদের নিষেধ করি। তারা সেটা মেনে চাঁদা নেওয়া বন্ধও করেন। তাদের আমাদের এখানে আসতে বলেছিলাম। কিন্ত তারা আসেননি। এভাবে সড়কে বাস থেকে চাঁদা তোলার কোনো নিয়ম নেই।
তিনি বলেন, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।