নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট ) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন,পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা, সহকারী কমিশনার পার্থ প্রতিম মণ্ডল, বিএনপির ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ, জুলাই যোদ্ধা মো. সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সম্মান জানান।
বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য আত্মত্যাগ, সাহস, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা।
আলোচনায় আহত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন, সরকারি হাসপাতালগুলোতে তাদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা এবং সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া নিহত ও আহতদের পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহায়তা কামনা করা হয়।

বক্তারা সমাজ ও দেশের কল্যাণে গঠনমূলক মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন এবং ফরিদপুরের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।