নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের সোয়াদী এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস জনতার ওপর উঠে গেলে এ পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন । এর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে । ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোয়াদী স্ট্যান্ড এলাকায় একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে যায়। স্থানীয় লোকজন পিকআপটি উদ্ধার করতে গেলে মহাসড়কে জটলা সৃষ্টি হয়।
এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৬৭)
নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে অংশ নেওয়া জনতার ওপর উঠে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সোয়াদী গ্রামের ওবায়দুল শেখ (৪৫), জয়নাল (৩২), নুর নবী (১২) এবং অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি যাদের বয়স ।
গুরুতর আহত ৩/ ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ গামী তিনটি যাত্রীবাহী বাস ও দুর্ঘটনা কবলিত ডিমবোঝাই পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া আরও ১৫ থেকে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়।
ঘটনার পর সন্ধ্যা থেকে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলালউদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও পরবর্তী ঘটনার বিষয়ে তদন্ত চলছে।