নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচ জন নিহত হয়েছেন।
নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।
রবিবার (২৪ মে ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শঙ্করপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের বাবা হাজী আব্দুল ওয়াহেদ মোল্লা, আলমগীর হোসেনের স্ত্রী খুশী বেগম (৪৫) ও জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া নিহত অ্যাম্বুলেন্সচালক কাওসার হোসেন (২২) মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে চিকিৎসার উদ্দেশে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি শঙ্করপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন। সংঘর্ষের ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
স্বজনরা জানান, পরিবারের এক সদস্যকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।”
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।