নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তলের ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি ( বুলেট) উদ্ধার করেছে।
এ ঘটনায় তরিকুল ইসলাম ওরফে জনি (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে কোতয়ালী থানার ২০ মার্চের জিডির পরিপ্রেক্ষিতে এসআই জ্যোতির্ময় মল্লিকের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামী কলিন্স রায় ওরফে রাফসানকে গ্রেপ্তার করা হয়।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি দেখতে পেয়ে পুলিশ গুরুত্ব দিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
পরবর্তীকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের পূর্ব খাবাসপুর এলাকার নজরুল সড়কের বায়তুল মামুর জামে মসজিদের সামনের আয়নাল হকের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানে তরিকুল ইসলাম ওরফে জনি (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেখানো মতে শোবার ঘরের বিছানার নিচ থেকে একটি সাদা রঙের আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও তিনটি তাজা বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বুলেটগুলোর পেছনে ইংরেজিতে “৭.৬৫” লেখা রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত ২১ মার্চ রাত পৌণে তিনটায় জব্দ তালিকা প্রস্তুতপূর্বক সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।
আটক তরিকুল ইসলাম আরও জানান, উদ্ধারকৃত ম্যাগাজিনের অস্ত্রটি তার ভাই রনি (৩৮)-এর কাছে রয়েছে।
পুলিশ পলাতক রনিকে গ্রেপ্তারের চেষ্টা করছে । এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।